সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে কোনো দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনা উদ্বেগজনক। মানুষের জীবনহানি ঘটিয়ে বন্ধুত্বের বার্তা দেওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের জনগণের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে হলে পারস্পরিক সম্মান ও মানবিক আচরণ জরুরি।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের দায়িত্ব সরকারের। তবে প্রয়োজন হলে জনগণও সেই দায়িত্ব পালনে এগিয়ে আসবে।
নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়েও গুরুত্বারোপ করেন এনসিপি আহ্বায়ক। তিনি এ বিষয়ে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
আলোচনায় অতীতের সহিংস ঘটনাগুলোর বিচার না হওয়ায় পরবর্তীতে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
প্রতিবেদকের নাম 

























