জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নজরুলের সাহিত্য সাম্য, মানবতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি যুগিয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নজরুলের আদর্শ ও লেখনী সংগ্রামী মানুষকে সাহস জুগিয়েছে। অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।
প্রতিবেদকের নাম 






















