
পটুয়াখালীর উপকূলীয় এলাকায় সাগর ও নদীতে মাছ আহরণের ওপর আরোপিত ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও গভীর সমুদ্রে মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন কলাপাড়া উপজেলার প্রায় অর্ধলক্ষ জেলে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরে দেখা গেছে ব্যাপক কর্মচাঞ্চল্য। জেলেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন, মাঝিরা ট্রলার ও ইঞ্জিন পরীক্ষা করছেন। পাশাপাশি আড়ত ও বরফকলগুলোও নতুন করে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।
তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এবার সমুদ্রে যাত্রা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা। অনেকেই আশঙ্কা করছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে মাছ শিকারের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।
জেলেরা জানান, দীর্ঘদিন নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও তা দিয়ে পুরো সংসার চালানো কঠিন হয়েছে। ফলে অনেকেই ঋণ ও ধারদেনায় জড়িয়ে পড়েছেন। এবার তারা আশানুরূপ মাছ পাওয়ার আশা করছেন।
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞার ফলে মাছের প্রজনন ও বংশবিস্তার বেড়েছে বলে আশা করা হচ্ছে। তবে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ না হলে সুফল পুরোপুরি পাওয়া যাবে না বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
প্রতিবেদকের নাম 
























