জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় দেশের সব পোশাক কারখানায় আগামী ৭ নভেম্বর ছুটি কার্যকর করা হবে।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি সিদ্ধান্তের আলোকে এবার পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী ৭ নভেম্বর পোশাকশিল্প খাতের শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটি ভোগ করবেন।
নিজস্ব প্রতিবেদক 




















