অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের সম্পদ বিক্রি ও অবসায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি করা জমির ৩৪ দশমিক ৫০ শতাংশের মালিকানা ছয় ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে। জমিটির রেজিস্ট্রেশন কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে ছয় ক্রেতার কাছে জমির মালিকানা হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ধর্মপুর মৌজায় মহালক্ষ্মী ব্যাংকের মালিকানাধীন ৪১ শতাংশ জমি বিক্রির জন্য গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে জমিটি বিক্রি করা হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ।
তবে নিলামের পর একজন অবৈধ দখলকারী বিক্রি হওয়া জমির ৬ দশমিক ৫০ শতাংশের মালিকানা দাবি করে মামলা করেন। এ পরিস্থিতিতে জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হাইকোর্টের অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংক।
পরে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ জমির রেজিস্ট্রেশন সম্পন্নের নির্দেশ দেন। ২২ সেপ্টেম্বর ওই আদেশের সার্টিফায়েড কপি ইস্যু করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার ছয় ক্রেতার কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিবেদকের নাম 

























