রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা উচিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে মিয়ানমার সরকার ও রাখাইন রাজ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচার, নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। এসব ঘটনার জন্য তাদের বিন্দুমাত্র অনুশোচনা থাকলে তা তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হতো।
তিনি বলেন, পুরো পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থা ও মাঠপর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে সতর্ক রয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কখনোই চায় না, মিয়ানমারের ভূখণ্ডে রোহিঙ্গাদের ওপর নতুন করে কোনো অত্যাচার-নির্যাতন নেমে আসুক। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ।
রোহিঙ্গারা নিজেদের দেশে সম্মানের সঙ্গে ফিরে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি উপলব্ধি করে আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে বলে বাংলাদেশ আশা করছে।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সমস্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। এসব দেশের নেতারা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমরা ইতিবাচক। আমরা আশা করছি, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।’
প্রতিবেদকের নাম 























