কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানবাধিকারের সম্পর্ক নিয়ে বাংলাদেশের নেতৃত্বে উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি)। সংস্থাটির চলমান ৬৩তম অধিবেশনে প্রথমবারের মতো এআইয়ের মানবাধিকারগত প্রভাব নিয়ে এমন প্রস্তাব গৃহীত হলো।
বাংলাদেশের নেতৃত্বে আলজেরিয়া, অস্ট্রিয়া, মিশর, গ্রিস, গায়ানা, কুয়েত ও নেপালকে নিয়ে গঠিত কোর গ্রুপের পক্ষ থেকে প্রস্তাবটির খসড়া উপস্থাপন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রস্তাবটিতে এআইয়ের উন্নয়ন ও উদ্ভাবনের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে এর ক্রমবর্ধমান প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এআইয়ের ব্যবহারকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এআই সমাজ ও প্রতিষ্ঠানগুলোর দ্রুত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এর উন্নয়ন ও ব্যবহারকালে মানবিক মর্যাদা এবং মানুষের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রস্তাবে উন্নয়ন, অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থবহ অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য কারিগরি সহায়তা, জ্ঞান ও বিজ্ঞান বিনিময়, প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন ২০২৬ সালের আগস্টে কোর গ্রুপের পেন হোল্ডার হিসেবে প্রথমবারের মতো প্রস্তাবটি মানবাধিকার পরিষদের প্রাক-অধিবেশন সভায় উপস্থাপন করে। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধিদল ও অংশীজনের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়াকে উদীয়মান বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























