ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) তারা শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ পরিস্থিতিতে এডেন রক্ষায় প্রস্তুতি নিচ্ছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেয়াল ও দুর্গ নির্মাণ করছে সরকারি বাহিনীর সেনারা। তবে হুথি যোদ্ধারা আরও সামনে অগ্রসর হলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র ও সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে এবং এডেনের দিকে এগিয়ে যাচ্ছে।
সূত্রগুলো বলেছে, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছেন। ক্যাম্পটি এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানা। এ পরিস্থিতিতে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। শহরটি থেকেই সরকার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতে রয়েছে। আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
হুথিরা যখন এডেন দখলের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সরে যায়। পরে দেশটির সরকার জানায়, এডেনকে রক্ষা করতেই সেনাদের অন্য এলাকায় মোতায়েন করা হচ্ছে।
এরপর হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, সরকারি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা।
সূত্র: এএফপি
প্রতিবেদকের নাম 


























