ওমান উপসাগরে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।
বিবৃতিতে বলা হয়, জাহাজের ক্রুদের কাছ থেকে আগুন লাগার খবর পায় ন্যাশনাল গার্ড। পরে বিশেষায়িত বাহিনী জাহাজটির অবস্থান শনাক্ত করে। এরপর জাহাজে থাকা ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই আরবীয় নাগরিক বলে জানিয়েছে আমিরাতের ন্যাশনাল গার্ড।
বাহিনীটি আরও জানায়, উদ্ধার হওয়া ক্রুরা সবাই সুস্থ আছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে কার্গো জাহাজটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি আমিরাতের ন্যাশনাল গার্ড।
আমিরাতের এ ঘোষণার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
বিপ্লবী গার্ডের দাবি, জাহাজ দুটি তাদের অনুমোদিত রুটের বাইরে চলাচলের চেষ্টা করছিল এবং এ সময় সেগুলোর নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটির একটি হরমুজ প্রণালির পূর্ব দিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনে আঘাত পায়।
গত প্রায় দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ মাইনে আঘাত পাওয়ার ঘটনা ঘটছে বলে প্রতিদিনই তথ্য দিচ্ছে বিপ্লবী গার্ড। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর অভিযোগ, ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে জাহাজে হামলা চালাচ্ছে।
প্রতিবেদকের নাম 




















