কক্সবাজারে টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কলাতলী দরিয়ানগর থেকে হিমছড়ি সাগরনিবাস পর্যন্ত ৫-৬টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকালে পাহাড়ের মাটি ও গাছপালা সড়কের ওপর পড়ে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করেন। বেলা আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে মেরিন ড্রাইভের পাহাড়ঘেঁষা অংশে ধসের ঝুঁকি থাকায় চালক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের মতে, সড়ক প্রশস্তকরণের সময় পাহাড়ের পাদদেশ কেটে খাড়া করে ফেলায় প্রতি বর্ষাতেই এ ধরনের ধসের ঝুঁকি বাড়ছে এবং স্থায়ী প্রতিরোধব্যবস্থা গ্রহণ জরুরি।
প্রতিবেদকের নাম 



















