জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারেরও দিন। দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এ দিনে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে আগামীর বাংলাদেশকে গণঅভ্যুত্থানের চেতনায় একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
আহমেদ আযম খান দীর্ঘদিন আন্দোলনে থাকা বিএনপিসহ গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় স্বার্থে বিভক্তির পরিবর্তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ সরকার কখনো ভুলবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে।
প্রতিবেদকের নাম 



















