কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহান এবং পাঁচ মার্কিন নাগরিক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র পাঁচ মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজও রয়েছেন। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা যাত্রীরা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় সাফারি ভ্রমণ ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। এ সময় হেলিকপ্টারটি মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ধোঁয়া উঠতে দেখা যায়। কেনিয়া রেড ক্রসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন।
ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান সেনসি-কন্তুজির বয়স হয়েছিল ৪৪ বছর। ২০২৪ সালে তাকে দেশটির স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রতিবেদকের নাম 




















