ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার রাজনৈতিক অভিযাত্রা এক দীর্ঘ ও বহুমাত্রিক অধ্যায়। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী হয়ে ওঠার এই যাত্রা কেবল ব্যক্তিগত রাজনৈতিক উত্থানের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের গণতন্ত্রের উত্থান-পতন, রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং দীর্ঘ সময়ের নানা প্রতিকূলতা।
একজন রাজনৈতিক নেতার জীবন মূল্যায়নে শুধু তার ক্ষমতায় থাকার সময় নয়, বরং রাজনৈতিক প্রতিকূলতা, ব্যক্তিগত ত্যাগ, সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অবস্থানও বিবেচনায় নিতে হয়। খালেদা জিয়ার ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ তিনি পরিকল্পিতভাবে রাজনীতিতে আসেননি; বরং দেশের এক গভীর রাজনৈতিক সংকট ও ব্যক্তিগত বেদনাবিধুর পরিস্থিতি তাকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
শোক থেকে রাজনীতির মঞ্চে
১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর খালেদা জিয়ার জীবনে আসে বড় পরিবর্তন। স্বামী হারানোর ব্যক্তিগত শোক সামলে তাকে একই সঙ্গে মোকাবিলা করতে হয় জাতীয় রাজনৈতিক অনিশ্চয়তা। এই সময় থেকেই ব্যক্তিগত পরিসরের একজন নারী ধীরে ধীরে জাতীয় রাজনীতির বৃহত্তর পরিসরে প্রবেশ করেন।
১৯৮২ সালে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর তার রাজনৈতিক কর্মকাণ্ড দ্রুত বিস্তৃত হয়। ১৯৮৪ সালে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় দেশে সামরিক শাসন, রাজনৈতিক অধিকার সংকোচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা ছিল।
এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে খালেদা জিয়া ধীরে ধীরে বিএনপির নেত্রীর পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হন। মিছিল, সমাবেশ, গ্রেফতার, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তার নেতৃত্বের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য গড়ে ওঠে।
সংসদীয় গণতন্ত্রের পথে
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার প্রক্রিয়াতেও খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রক্রিয়ার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নেও তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে আলোচিত।
তার রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ দুটি দিক ছিল জাতীয় সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করার প্রত্যয়। তার রাজনৈতিক অবস্থানে জনগণের রাজনৈতিক অধিকার, রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার বিষয়টি বারবার উঠে এসেছে।
পররাষ্ট্রনীতিতে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি
খালেদা জিয়ার সরকারের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার চেষ্টা। ‘লুক ইস্ট পলিসি’র মাধ্যমে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং সার্ক ও বিমসটেকের মতো আঞ্চলিক সহযোগিতা কাঠামোয় সক্রিয় ভূমিকা রাখার প্রবণতা এ সময় স্পষ্ট হয়।
তার প্রথম মেয়াদের সরকারে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়েও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। একই সময়ে করাচিতে আটকে পড়া বাঙালিদের জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগের বিরুদ্ধেও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তিনবিঘা করিডর ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। ১৯৯২ সালের জুনে খালেদা জিয়ার প্রথম মেয়াদের সরকারের সময় তিনবিঘা করিডর দুই দেশের মানুষের ব্যবহারের জন্য পালাক্রমে ছয় ঘণ্টা করে উন্মুক্ত করার ব্যবস্থা কার্যকর হয়।
ক্ষমতার বাইরে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম
রাজনীতিতে একজন নেতার মূল্যায়ন শুধু ক্ষমতায় থাকার সময় দিয়ে হয় না। ক্ষমতার বাইরে থাকা, রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করা এবং ব্যক্তিগত সংকটের মধ্যেও রাজনৈতিক অবস্থান ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শেষ পর্যায় ছিল নানা রাজনৈতিক ও ব্যক্তিগত সংকটে পূর্ণ। মামলা, গ্রেফতার ও কারাবাস তার ব্যক্তিজীবনে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে কারাবন্দি অবস্থায় তার অসুস্থতা ও চিকিৎসার বিষয়টি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয়।
চিকিৎসার প্রয়োজনে বিদেশে অবস্থানের পর দেশে ফিরে আসার ঘটনাটিও তার রাজনৈতিক জীবনে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সমর্থকদের কাছে এই প্রত্যাবর্তন ছিল দেশের সঙ্গে তার রাজনৈতিক ও মানসিক সম্পর্কের প্রতীকী প্রকাশ।
গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্ন
খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত দিক হলো জাতীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার রাজনৈতিক অবস্থান। গণতন্ত্র কেবল নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি জড়িত।
এই বৃহত্তর কাঠামোর মধ্যেই খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামকে মূল্যায়ন করা প্রয়োজন। তার রাজনৈতিক সিদ্ধান্ত ও অবস্থান নিয়ে মতপার্থক্য থাকলেও বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে তার দীর্ঘস্থায়ী প্রভাব অস্বীকার করার সুযোগ নেই।
নতুন প্রজন্মের জন্য কী শিক্ষা?
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন থেকে নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি হতে পারে প্রতিকূলতার মধ্যেও দীর্ঘমেয়াদি লক্ষ্য ধরে রাখার প্রয়োজনীয়তা। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, মানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং একটি প্রজন্মের অর্জনকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া—কোনোটিই একদিনে সম্ভব নয়।
আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র, সমাজ, প্রশাসন, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির নেতৃত্ব দেবে। তাই তাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ নয়, শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা ও দায়িত্বশীল নাগরিকত্বের মধ্য দিয়েই নিজেদের যোগ্য করে তুলতে হবে।
একই সঙ্গে ইতিহাস সংরক্ষণেও নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। মৌখিক ইতিহাস, ডিজিটাল আর্কাইভ এবং সমসাময়িক ঘটনাবলির নির্ভরযোগ্য নথি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে সহায়তা করবে। তবে তথ্য সংরক্ষণের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ উপস্থাপনাও জরুরি।
ইতিহাসের বিচারে খালেদা জিয়া
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে ভবিষ্যতের ইতিহাস কীভাবে মূল্যায়ন করবে, তার পূর্ণাঙ্গ উত্তর সময়ই দেবে। তবে তার গৃহবধূ থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উত্থান, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা, সরকার পরিচালনা, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, অসুস্থতার সঙ্গে সংগ্রাম এবং রাজনৈতিক অবস্থান ধরে রাখার প্রচেষ্টা—সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে তার অধ্যায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
ইতিহাস শুধু অতীত স্মরণ করার বিষয় নয়; ভবিষ্যতের পথ নির্ধারণেরও একটি মাধ্যম। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে নতুন প্রজন্ম যদি গণতন্ত্রের মূল্য, সার্বভৌমত্বের গুরুত্ব, রাজনৈতিক সহনশীলতা, শিক্ষা ও জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা এবং দেশের প্রতি দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে তার রাজনৈতিক অভিযাত্রার প্রভাব ভবিষ্যৎ বাংলাদেশেও প্রতিফলিত হবে।
লেখক: উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রতিবেদকের নাম 

























