কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ বাতিল করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
গত ১৫ জুলাই রাতে নিজ বাড়ির সামনে সশস্ত্র হামলায় নিহত হন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর। ঘটনার পর স্থানীয়রা একজন সন্দেহভাজনকে অস্ত্রসহ আটক করেন এবং পুলিশের অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিকল্পিত এই হামলায় অংশ নেওয়া কয়েকজন ঘটনার তিন দিন আগে ঢাকা থেকে মিঠামইনে এসে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তারা বহিষ্কৃত ছাত্রদল নেতা মোকাররম হোসেন খোকার বড় ভাইয়ের বাড়িতে ছিলেন। ঘটনার পর থেকে খোকা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কিশোরগঞ্জের আদালত। তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাদেরও আইনের আওতায় আনা হবে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 





















