রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এইচএসসি ফলপ্রার্থী মিনহাজুল ইসলাম রোজানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজানের বাবা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের সঙ্গে ফোনে কথা বলে তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী রোজানের বাবাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, রোজানের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে এবং তিনি ব্যক্তিগতভাবে তাদের পাশে থাকবেন।
আইসিইউতে সংকটাপন্ন রোজান
রোজান বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে প্রায় এক সপ্তাহ তিনি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলেন।
পরিবারের দাবি, রোজান ডায়াবেটিসে আক্রান্ত। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে এবং বর্তমানে শরীরের বিভিন্ন অঙ্গ সাড়া দিচ্ছে না। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার ডায়াবেটিসের মাত্রা ৩৮-এর বেশি ছিল।
পরীক্ষার সময়ও অসুস্থ ছিলেন
রোজানের বাবা সাজ্জাদুল মিরাজ জানান, হঠাৎ করেই ছেলের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরীক্ষার সময় কিছুটা অসুস্থতা অনুভব করলেও পড়াশোনার ব্যস্ততার কারণে রোজান বিষয়টি পরিবারকে বিস্তারিত জানায়নি।
হাসপাতালে নেওয়ার পর ধীরে ধীরে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। মঙ্গলবার থেকে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলেও জানান বাবা।
বিদেশে নেওয়ার বিষয়েও সহযোগিতার আশ্বাস
সাজ্জাদুল মিরাজ বলেন, প্রধানমন্ত্রী ফোন করে রোজানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রেও পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ছেলের চিকিৎসার এই সংকটময় সময়ে সাহস দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে দল-মত নির্বিশেষে দেশবাসীর কাছে রোজানের জন্য দোয়া চেয়েছে তার পরিবার।
প্রতিবেদকের নাম 





















