রাজধানীসহ দেশের ১২৮টি স্থানে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন হবে রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে।
সোমবার (১৩ জুলাই) স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
উৎসবের প্রথম দিন সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে। পরে দুপুরে স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হবে।
রথযাত্রাটি জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
আগামী ২৪ জুলাই একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে এসে শেষ হবে।
আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে রাজধানীসহ দেশের সব আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রতিবেদকের নাম 




















