নগর জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের।
সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পরামর্শকদের সঙ্গে প্রতিনিধিদলের বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্পটির আওতায় মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা তৈরির কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।
প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের উদ্যোগ কামনা করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 





















