পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে সরকারি দলের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
কমিটিতে রয়েছেন ৯ সদস্য
পুনর্গঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন—ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, পটুয়াখালী-৪ আসনের এবিএম মোশারফ হোসেন, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী, চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ঢাকা-১৪ আসনের মীর আহমেদ বিন কাসেম।
কে এই জহরত আদিব চৌধুরী
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর কন্যা।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজের শিক্ষা ও কর্মজীবনের মধ্য দিয়েও তিনি পরিচিতি তৈরি করেছেন।
জহরত আদিব চৌধুরী সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী। জিসান হায়দার সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর ছেলে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে সংসদীয় কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ তৈরি হলো।
প্রতিবেদকের নাম 




















