
৯১ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ইরমা পি হল, শোকের ছায়া হলিউডে
হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ইরমা পি হল আর নেই। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে কাজ করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
পিপলসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
১৯৩৫ সালে টেক্সাসের বিউমন্টে জন্মগ্রহণ করেন ইরমা। তার বাবা ছিলেন একজন স্যাক্সোফোন বাদক এবং মা হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে শিকাগোতে চলে যান। পড়াশোনা শেষ করে আবার টেক্সাসে ফিরে শিক্ষকতা পেশায় যুক্ত হন।
অভিনয়জগতে আসার আগে দীর্ঘ ২৭ বছর উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষকতা করেছেন ইরমা। ১৯৭৩ সালে পরিচালক রেমন্ড সেন্ট জ্যাকসের ‘বুক অব নাম্বার্স’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর ধীরে ধীরে টেলিভিশন ও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘আ ফ্যামিলি থিং’ সিনেমায় আন্টি টি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পান তিনি। পরের বছর ‘সোল ফুড’ সিনেমায় বিগ মামা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। পরবর্তী সময়ে একই চরিত্রে টেলিভিশন সিরিজেও দেখা যায় তাকে।
২০০৪ সালে কোয়েন ভ্রাতৃদ্বয়ের পরিচালনায় ‘দ্য লেডিকিলার্স’ সিনেমায় টম হ্যাঙ্কসের সঙ্গে অভিনয় করেন ইরমা। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার অর্জন করেন তিনি। একই বছর ‘কোল্যাটারাল’ সিনেমায় টম ক্রুজ ও জেমি ফক্সের সঙ্গেও অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘প্যাচ অ্যাডামস’, ‘বিলাভড’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। পাশাপাশি ‘ডালাস’, ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’ এবং ‘শিকাগো ফায়ার’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন তিনি। ‘সোল ফুড’ সিনেমায় অভিনয়ের জন্য এনএসিপি ইমেজ অ্যাওয়ার্ডও অর্জন করেন।
অভিনয়ের বাইরেও লেখক, কবি ও শিক্ষাবিদ হিসেবে পরিচিতি ছিল ইরমা পি হলের। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তান ও চার নাতি-নাতনি রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই শিল্পীর মৃত্যুতে হলিউডে তৈরি হয়েছে শোকের আবহ।
প্রতিবেদকের নাম 




















