সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। উপদেষ্টা হিসেবে মিঠুন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদা পাবেন।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী ও দাপুটে মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সেই চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের সরকারি অনুষ্ঠানেও মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনেই রয়েছে। মিঠুন ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে দেখা গেছে।
এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটিতেও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মিঠুন চক্রবর্তী।
রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় এই অভিনেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্যও ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর গত কয়েক বছরে বিজেপির বিভিন্ন কর্মসূচি ও নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন মিঠুন।
প্রতিবেদকের নাম 























