পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০)। নয়ন গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে। সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুরগামী সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন সেখানে চিকিৎসাধীন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদকের নাম 























