রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।
গত ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আশফাক আজিজ। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আশফাক আজিজ আত্মসমর্পণ করলে তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চান। একই সঙ্গে কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার আবেদনও করা হয়। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটজনের ১৪ বছরের কারাদণ্ড
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত আশফাক আজিজসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং এম এ হাসেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল।
রায়ে আশফাক আজিজ ও শওকত আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। দুই ধারায় পৃথকভাবে সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের। পাশাপাশি ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকেও একই দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদেরও আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে বলা হয়, আসামিদের হাজতবাস মূল দণ্ড থেকে বাদ যাবে এবং দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ধারায় আসামিদের খালাস দেওয়া হয়েছে।
এ ছাড়া আশফাক আজিজ ও শওকত আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের সেক্টর-১-এর ৪০৫ নম্বর সড়কের ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।
২০১৭ সালে দুদকের মামলা
প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়া ও দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এদিকে, রায় ঘোষণার পর গত ১ নভেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চেয়েছিলেন আশফাক আজিজের ভাই শওকত আজিজ। সেদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি।
প্রতিবেদকের নাম 

























