২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট আখ্যায়িত করে বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, এটি একটি গণবিরোধী ও লুটপাটের বাজেট।
বুধবার (২৪ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বাজেটের আকার নিয়ে প্রশ্ন তুলে নাজিবুর রহমান বলেন, ১৯৭২ সালে দেশের বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা, আর সে সময় স্বর্ণের ভরি ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। বর্তমানে স্বর্ণের দাম প্রায় ২ লাখ ৪২ হাজার টাকায় পৌঁছেছে। তাঁর দাবি, মুদ্রাস্ফীতির হিসাব বিবেচনায় নিলে বাজেটের প্রকৃত আকার তেমন বাড়েনি। বরং এটি সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট, যা লুটপাটের সুযোগ সৃষ্টি করতে পারে।
বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা অনেকাংশে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। অন্যান্য দেশের মতো অর্থবিল সংসদীয় কমিটিতে বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে প্রস্তুত করার সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
দেশীয় ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যের সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকিং খাত বর্তমানে চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় বড় অঙ্কের সরকারি ঋণ বেসরকারি খাতের ঋণপ্রবাহ ও সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বাজেটকে ‘গণবিরোধী’ উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রত্যক্ষ করদাতার সংখ্যা তুলনামূলক কম হলেও ভ্যাটের বোঝা বহন করেন সাধারণ মানুষ। বিভিন্ন পণ্যে ভ্যাটের পরিধি বাড়ানোর ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবেরও সমালোচনা করেন নাজিবুর রহমান। পাশাপাশি সুদনির্ভর অর্থায়নের পরিবর্তে দুর্নীতি রোধ, যাকাতভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া নদী ও জলাশয় রক্ষায় ‘জাল যার, জলা তার’ নীতির আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে কম খরচে চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 




















