
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিজ আমিষের উৎপাদন শুধু মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামগ্রিক উন্নয়ন গভীরভাবে জড়িত। প্রাণিসম্পদ খাতের যথাযথ বিকাশ ঘটলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক প্রভাব পড়বে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়ার কর্মসূচি রয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানির সুযোগ সম্প্রসারণ করা গেলে দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে এ খাতের অবদান আরও বাড়বে।
সূত্র: মোজো ডেস্ক।
প্রতিবেদকের নাম 






















