বগুড়া শহরের শেরপুর রোডের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা এবং নিবন্ধনবিহীন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, ক্লিনিকে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নিবন্ধিত নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া প্রতিষ্ঠানের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন এবং ল্যাবরেটরির পরীক্ষার প্রতিবেদন সংরক্ষণের প্রয়োজনীয় রেকর্ডও পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে এনামুল হক নামে এক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই অ্যালোপ্যাথি চিকিৎসা প্রদান, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা লিখে দিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ। এ সময় তাকে বগুড়া সিভিল সার্জন কার্যালয় ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রতিবেদকের নাম 
















