ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে নওগাঁর বদলগাছী উপজেলায় মাঠে কাটা ধান ও শীতকালীন বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে। শত শত বিঘা জমির কাটা ধান পানিতে ভেসে উঠেছে। এ ছাড়া জমিতে পানি জমে থাকায় সদ্য রোপণ করা আলুর ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। পেঁয়াজ, রসুন, গাজর, সরিষা, টমেটো ও ফুলকপির আবাদও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
উপজেলার আটটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শত শত বিঘা জমিতে কাটা ধান পানিতে ভাসছে। অগ্রহায়ণ মাসে মাঠে মাঠে আমন ধান কাটার ব্যস্ততা চলছিল। অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য জমিতেই রেখেছিলেন। কিন্তু হঠাৎ দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা ধান ভেসে উঠেছে।
কৃষকদের আশঙ্কা, পানিতে ডুবে থাকা ধানে অঙ্কুর গজাতে পারে। এতে ধান পচে যাওয়ারও ঝুঁকি রয়েছে। অন্যদিকে, আগাম আলু, পেঁয়াজ, সরিষা ও শীতকালীন শাকসবজির আবাদ করা জমিতে পানি জমে থাকায় মাটির নিচে থাকা বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে ফুলকপিতেও ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে, ফলে ফসল নষ্ট হচ্ছে।
উপজেলার গোপালপুর গ্রামের হেলাল মেম্বার বলেন, সাড়ে তিন বিঘা জমিতে আলু রোপণ করেছেন তিনি। গাছ না উঠলে তাঁকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বৈরী আবহাওয়া ও দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ২৮৫ হেক্টর জমির কাটা ধান, পেঁয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। দ্রুত পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না। তবে পানি জমে থাকলে ধানসহ বিভিন্ন ফসলের বীজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদকের নাম 






















