বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে লেভেল-২ কোচিং কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮ জন উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের বেশি, মোট ২৪ জন প্রার্থীই পাস করতে পারেননি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে গত ১৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই বিশেষ কোচিং কোর্স শুরু হয়। ২০ জুলাই সমাপনী মূল্যায়নের মাধ্যমে কোর্সটি শেষ হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস।
কোর্সে অংশ নেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে ১০ জন ছিলেন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে পুরুষ জাতীয় দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুজন সাবেক ক্রিকেটার ছিলেন। এ ছাড়া বিসিবির নিজস্ব কোচ এবং মাঠপর্যায়ের বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিশ্রুতিশীল কোচরাও এই প্রশিক্ষণে অংশ নেন।
বিসিবির প্রকাশিত চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৮ কোচ হলেন—মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার।
আধুনিক ক্রিকেটের কৌশল ও পরিবর্তিত গতিপ্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে দেশীয় কোচদের তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
বিসিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের দক্ষ কোচ তৈরির মাধ্যমে দেশের কোচিং কাঠামো আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর প্রশিক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। উত্তীর্ণ কোচরা দেশের তৃণমূল পর্যায় থেকে উচ্চপর্যায়ের বিভিন্ন ক্রিকেট কাঠামোয় দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
প্রতিবেদকের নাম 



















