চট্টগ্রামের আনোয়ারার ঐতিহ্যবাহী সরকার হাটে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর বেচাকেনা। গরুর পাশাপাশি বিশেষ নজর কাড়ছে ‘এমবাপ্পে’ নামের বিশাল আকৃতির একটি মহিষ, যা বর্তমানে হাটের অন্যতম আলোচিত পশু।
রাসেল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. রাসেল জানান, তিন বছর আগে তার খামারে জন্ম নেওয়া এই মুররাহ জাতের মহিষটির বর্তমান ওজন ৭০০ কেজিরও বেশি। গায়ের রঙ কুচকুচে কালো এবং স্বভাব বেশ দুরন্ত ও আক্রমণাত্মক হওয়ায় শখের বশে এর নাম রাখা হয়েছে ‘এমবাপ্পে’। বর্তমানে মহিষটির দাম ১০ লাখ টাকা হাঁকানো হয়েছে, যদিও ক্রেতারা এখন পর্যন্ত ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দাম দিয়েছেন।
আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, চন্দনাইশ, পেকুয়া এবং চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা হাটে ভিড় করছেন। হাটে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ৭ লাখ টাকা দামের গরু এবং ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ টাকা মূল্যের মহিষ পাওয়া যাচ্ছে।
হাট ইজারাদার ক্যাপ্টেন নুর মোহাম্মদ জানান, প্রতিদিন গড়ে শতাধিক থেকে হাজারের বেশি পশু বিক্রি হচ্ছে। তুলনামূলক কম হাসিল ও উন্নত ব্যবস্থাপনার কারণে দূর-দূরান্তের ক্রেতারা এখানে আসছেন। হাটে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 

























