ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ প্রতিক্রিয়া জানান মোনামি।
পোস্টে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ।
মোনামি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু কেবল বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল, ভিডিওটি বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে তার মতে, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে চলা সমালোচনার জবাবে মোনামি প্রশ্ন তোলেন, নান্দনিকভাবে নাচার জন্য বয়স কিংবা শারীরিক গঠন কেন তথাকথিত আদর্শ মানদণ্ড হতে হবে?
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রলের শিকার হতে পারেন—এমনটা জেনেই ভিডিওটি শেয়ার করেছিলেন বলে জানান তিনি। মোনামি বলেন, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। সুযোগ পেলে তিনি আবারও একই কাজ করবেন।
নিজের নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই জানিয়ে তিনি বলেন, এটি ছিল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি।
প্রতিবেদকের নাম 

























