ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থেকে বিতাড়নের মুখে পড়ছেন মুসলমানদের একটি অংশ। এমনই এক ঘটনায় মুম্বাইয়ের বাসিন্দা সাহিদা ফকিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে তিনি বাংলাদেশের একটি গ্রামে বসবাস করছেন।

পরিবারের জন্য সবজি কিনতে গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে বের হওয়ার সময় ছোট ছেলেকে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার কথা বলেছিলেন ৩৮ বছর বয়সী সাহিদা। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরা হয়নি তাঁর।

সাহিদার অভিযোগ, সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাঁকে আটক করে মুঠোফোন জব্দ করেন। ওই ফোনে তাঁর পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। পরে তাঁকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও সংশ্লিষ্ট বিভাগ কোনো সাড়া দেয়নি।

বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থানরত সাহিদা ফকির রয়টার্সকে বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত চেপে ধরে এবং গাড়িতে ওঠার নির্দেশ দেয়।’

রয়টার্স এমন ১০টি পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে, যাঁদের স্বজনদের ভারতের ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আটক, বিতাড়ন অথবা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র কিংবা পারিবারিক নথিপত্র ছিল। এমনকি তাঁদের মা-বাবা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় বহাল ছিল।

এসব ঘটনা তুলে ধরছে, ভারতের ব্যাপক ভোটার তালিকা সংশোধন কার্যক্রম কীভাবে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়ার অর্থ এই নয় যে তিনি বিদেশি নাগরিক।

ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় এই প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, এই সংশোধন কার্যক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানেরা।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলমানেরা বৈষম্যমূলক নীতি ও ক্রমবর্ধমান বিদ্বেষের শিকার হচ্ছেন।

আরও পড়ুনঃ  যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান

এসআইআর কার্যক্রম ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভোটার তালিকা পুনর্গঠন করছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

পশ্চিমবঙ্গে এই সংশোধন কার্যক্রম সবচেয়ে ব্যাপকভাবে পরিচালিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আরও নিবিড় যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।

ওই নির্বাচনে বিজেপি জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে।

সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করতে পারি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।’

গত ৫ নভেম্বর উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের এক সমাবেশে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধন ও সন্দেহভাজন অভিবাসীদের বহিষ্কারের বিষয় দুটি সরাসরি একসূত্রে যুক্ত করেন।

তিনি বলেন, ‘বিজেপির সংকল্প হচ্ছে, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেব এবং এরপর একে একে তাঁদের খুঁজে বের করে দেশ থেকে তাড়িয়ে দেব।’

মূলত বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।

রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের আঁকা সীমান্ত এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। দেশভাগের সময় এবং পরে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করেন। এর ফলে অনেক পরিবার ও সম্প্রদায়ের সদস্যরা দুই দেশের সীমান্তের দুই পাশে ছড়িয়ে পড়েন।

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

সাহিদাকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ

সাহিদা ফকির জানান, দিবাগত রাত একটার দিকে সীমান্তের একটি অরক্ষিত ও কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। শরীর কাদামাটিতে মাখামাখি অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখেন এবং আশ্রয় দেন।

আরও পড়ুনঃ   যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ

অন্যদিকে, মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম রাজ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারাও কোনো সাড়া দেয়নি।

আদালতের নথি অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষের শনাক্তকরণের ভিত্তিতে ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত ১৪৯ জনকে বিতাড়িত করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন সাহিদা ফকিরও।

সাহিদা বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও কল্পনা করিনি, তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতে।’

বর্তমানে সাহিদার স্বামী জুম্মন আদালতে স্ত্রীর পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে দায়ের করা আরও লাখ লাখ মামলার মতো তাঁর স্ত্রীর নাগরিকত্বের বিষয়টিও এখন আদালতের বিচারাধীন।

গত আগস্টে সাহিদার পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া দিয়ে তাঁর নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। কোনো ‘যাচাইহীন প্রশাসনিক দাবির’ ভিত্তিতে তাঁকে দেশ থেকে বহিষ্কার করাও আইনসম্মত নয়।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা গেছে, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরে সাহিদার মা-বাবা ও দাদা-দাদি নিবন্ধিত ভোটার ছিলেন। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল। সর্বশেষ সংশোধন কার্যক্রমে অতিরিক্ত নথিপত্র জমা না দিয়েও ভোটার তালিকায় বহাল থাকার ক্ষেত্রে ওই সময়ের তালিকাকে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।

রয়টার্সের দেখা সাহিদার ভোটার পরিচয়পত্র অনুযায়ী, অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নিজের নামও ছিল।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো ‘বৈধ বা বিশ্বাসযোগ্য কোনো নথিপত্র’ তিনি উপস্থাপন করতে পারেননি।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

সাহিদা এই দাবি অস্বীকার করে বলেন, কর্তৃপক্ষ তাঁর মুঠোফোন জব্দ করেছিল। ফলে ফোনে সংরক্ষিত পরিচয়পত্র ও অন্যান্য নথির কপি দেখানোর কোনো সুযোগ তাঁকে দেওয়া হয়নি। ভারতীয় আইন অনুযায়ী, নাগরিকদের সব সময় সঙ্গে বৈধ পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।

ভোটার তালিকায় নাম না থাকায় আটক

কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তাঁদের আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন শেখ জানান, বাড়ি থেকে কয়েক শ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে এবং আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় ১৪ দিন পর তাঁদের মধ্যে ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় নাসিরুদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক রাখা হয়।

নাসিরুদ্দিন বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, “ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।”’

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে নাসিরুদ্দিনকেও মুক্তি দেওয়া হয়। তিনি জানান, তাঁদের আটককেন্দ্রে একটি বড় হলঘর ছিল, যেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো বিছানা ছিল। আটকে রাখার আগে বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হতো।

নাসিরুদ্দিন বলেন, ‘সব দিক থেকেই সেটি ছিল একটি কারাগার। আমরা বাইরে যেতে পারতাম না।’

পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই।

তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী আটককেন্দ্রে রয়টার্সের সাংবাদিকেরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে মানুষকে উঁকি দিতে দেখেছেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও পুলিশের ছাউনিযুক্ত একটি বাসও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আটককেন্দ্রটির বিপরীত দিকে বসবাসকারী মৌসুমি রায় বলেন, দুই মাস আগে তিনি সেখানে লোকজনকে নিয়ে আসতে দেখেছেন। তাঁদের পরিবারের সদস্যদের আটককেন্দ্রের বাইরে কান্নাকাটিও করতে দেখেছেন।

মানবাধিকারকর্মী কিরিটি রায় বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করছে। যা ঘটছে, তাতে আমরা পুরোপুরি আশাহীন হয়ে পড়েছি।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

আপডেটের সময়: ০৫:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থেকে বিতাড়নের মুখে পড়ছেন মুসলমানদের একটি অংশ। এমনই এক ঘটনায় মুম্বাইয়ের বাসিন্দা সাহিদা ফকিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে তিনি বাংলাদেশের একটি গ্রামে বসবাস করছেন।

পরিবারের জন্য সবজি কিনতে গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে বের হওয়ার সময় ছোট ছেলেকে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার কথা বলেছিলেন ৩৮ বছর বয়সী সাহিদা। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরা হয়নি তাঁর।

সাহিদার অভিযোগ, সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাঁকে আটক করে মুঠোফোন জব্দ করেন। ওই ফোনে তাঁর পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। পরে তাঁকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও সংশ্লিষ্ট বিভাগ কোনো সাড়া দেয়নি।

বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থানরত সাহিদা ফকির রয়টার্সকে বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত চেপে ধরে এবং গাড়িতে ওঠার নির্দেশ দেয়।’

রয়টার্স এমন ১০টি পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে, যাঁদের স্বজনদের ভারতের ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আটক, বিতাড়ন অথবা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র কিংবা পারিবারিক নথিপত্র ছিল। এমনকি তাঁদের মা-বাবা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় বহাল ছিল।

এসব ঘটনা তুলে ধরছে, ভারতের ব্যাপক ভোটার তালিকা সংশোধন কার্যক্রম কীভাবে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়ার অর্থ এই নয় যে তিনি বিদেশি নাগরিক।

ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় এই প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, এই সংশোধন কার্যক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানেরা।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলমানেরা বৈষম্যমূলক নীতি ও ক্রমবর্ধমান বিদ্বেষের শিকার হচ্ছেন।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

এসআইআর কার্যক্রম ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভোটার তালিকা পুনর্গঠন করছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

পশ্চিমবঙ্গে এই সংশোধন কার্যক্রম সবচেয়ে ব্যাপকভাবে পরিচালিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আরও নিবিড় যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।

ওই নির্বাচনে বিজেপি জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে।

সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করতে পারি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।’

গত ৫ নভেম্বর উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের এক সমাবেশে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধন ও সন্দেহভাজন অভিবাসীদের বহিষ্কারের বিষয় দুটি সরাসরি একসূত্রে যুক্ত করেন।

তিনি বলেন, ‘বিজেপির সংকল্প হচ্ছে, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেব এবং এরপর একে একে তাঁদের খুঁজে বের করে দেশ থেকে তাড়িয়ে দেব।’

মূলত বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।

রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের আঁকা সীমান্ত এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। দেশভাগের সময় এবং পরে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করেন। এর ফলে অনেক পরিবার ও সম্প্রদায়ের সদস্যরা দুই দেশের সীমান্তের দুই পাশে ছড়িয়ে পড়েন।

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

সাহিদাকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ

সাহিদা ফকির জানান, দিবাগত রাত একটার দিকে সীমান্তের একটি অরক্ষিত ও কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। শরীর কাদামাটিতে মাখামাখি অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখেন এবং আশ্রয় দেন।

আরও পড়ুনঃ   যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ

অন্যদিকে, মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম রাজ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারাও কোনো সাড়া দেয়নি।

আদালতের নথি অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষের শনাক্তকরণের ভিত্তিতে ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত ১৪৯ জনকে বিতাড়িত করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন সাহিদা ফকিরও।

সাহিদা বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও কল্পনা করিনি, তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতে।’

বর্তমানে সাহিদার স্বামী জুম্মন আদালতে স্ত্রীর পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে দায়ের করা আরও লাখ লাখ মামলার মতো তাঁর স্ত্রীর নাগরিকত্বের বিষয়টিও এখন আদালতের বিচারাধীন।

গত আগস্টে সাহিদার পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া দিয়ে তাঁর নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। কোনো ‘যাচাইহীন প্রশাসনিক দাবির’ ভিত্তিতে তাঁকে দেশ থেকে বহিষ্কার করাও আইনসম্মত নয়।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা গেছে, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরে সাহিদার মা-বাবা ও দাদা-দাদি নিবন্ধিত ভোটার ছিলেন। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল। সর্বশেষ সংশোধন কার্যক্রমে অতিরিক্ত নথিপত্র জমা না দিয়েও ভোটার তালিকায় বহাল থাকার ক্ষেত্রে ওই সময়ের তালিকাকে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।

রয়টার্সের দেখা সাহিদার ভোটার পরিচয়পত্র অনুযায়ী, অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নিজের নামও ছিল।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো ‘বৈধ বা বিশ্বাসযোগ্য কোনো নথিপত্র’ তিনি উপস্থাপন করতে পারেননি।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা