
বগুড়া ব্যুরো, বগুড়ার শাহাজাহানপুরে দিনে দুপুরে রকি (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ
কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান বলেন, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতের মতো একাধিক মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।
শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেখানে তার মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদকের নাম 























