মিয়ানমারের নাগরিক পরিচয় ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে গোলাম সারোয়ার খান নামে এক ব্যক্তিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ফুফাতো ভাই ও সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে আটক করে। পুলিশের দাবি, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন গোলাম সারোয়ার। বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকেই তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় বড় সাজ্জাদের সহযোগীদের তৎপরতা রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ফোন করে হুমকি, চাঁদাবাজি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ছোড়া এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
প্রতিবেদকের নাম 




















