
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত চার শিক্ষার্থীর মধ্যে তিনজনের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা এক শিক্ষার্থীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
গত সোমবার গভীর রাতে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। এতে লাইব্রেরির সবকিছু পুড়ে যায়। আগুন দ্রুত ভবনে ছড়িয়ে পড়ার পাশাপাশি চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিক্ষার্থীরা বাইরে থেকে ‘আগুন, আগুন’ চিৎকার শুনে জেগে ওঠেন। প্রাণ বাঁচাতে তাঁরা হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন।
বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে আহত হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন ভর্তি রয়েছেন এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গুরুতর আহত চার শিক্ষার্থী হলেন—খায়রুল ইসলাম (২২), মো. ইউসুফ (২০), জুবায়ের (১৮) ও আজিজুল হক সিয়াম (১৪)।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, গুরুতর আহত তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাঁদের অবস্থা স্থিতিশীল থাকায় আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আজিজুল হক সিয়ামের শ্বাস-প্রশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, রোগীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
এদিকে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান জানান, তাঁরা সার্বিকভাবে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে আসা পুলিশ ও ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 

























