রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকোর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
মিরপুরের হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এতে সংশ্লিষ্ট থানা-পুলিশের সদস্যদের পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের সদস্যরাও অংশ নেন।
অভিযান চলাকালে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করা হয়। পরে এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে চার্জ দেওয়া হচ্ছিল এমন ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অনুমোদন ছাড়া বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণে বিদ্যুৎ চুরি ও নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের অবৈধ সংযোগের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের অবৈধ ব্যবহার বন্ধে পুলিশ ও ডেসকোর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 




















