দেশের চা শ্রমিকদের বৃষ্টিতে কাজের দুর্ভোগ কমাতে প্রাথমিকভাবে ২০ হাজার রেইনকোট বিতরণ করেছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কর্মসূচি শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, দেশে নিবন্ধিত প্রায় ১ লাখ ৩০ হাজার চা শ্রমিককে পর্যায়ক্রমে রেইনকোট দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি মৌলভীবাজার সফরের সময় ভারী বৃষ্টির মধ্যেও চা শ্রমিকদের কাজ করতে দেখে তাদের দুর্ভোগ লাঘবে রেইনকোট দেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের সহায়তায় প্রাথমিকভাবে ২০ হাজার রেইনকোট সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার প্রতীকীভাবে ১০ জন চা শ্রমিকের হাতে এসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, আগামী দুই দিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকদের কাছে রেইনকোটগুলো পৌঁছে দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য এবং চা-বাগানের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হবে।
প্রতিবেদকের নাম 




















