তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও অভিনেতা জোসেফ বিজয় (থালাপতি বিজয়) দায়িত্ব গ্রহণের পরই বড় ধরনের সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে তিনি রাজ্যজুড়ে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দেন। এই দোকানগুলো মূলত ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র এবং পরিবহন হাবের আশপাশে অবস্থিত ছিল বলে জানা গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে বর্তমানে টাসম্যাক পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা বাস স্ট্যান্ডের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মদের দোকান রাখা যাবে না।
বন্ধ হওয়া দোকানগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশ ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনবহুল পরিবহন এলাকাসংলগ্ন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
গত নির্বাচনে দলীয় জোটের মাধ্যমে ক্ষমতায় আসা বিজয় শপথ নেওয়ার পর থেকেই সামাজিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক সংস্কারের ওপর জোর দিচ্ছেন। এর অংশ হিসেবে মাদকবিরোধী উদ্যোগ, নারীদের নিরাপত্তা জোরদার এবং বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার মতো কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এত বড় সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজ্যের রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে, যা ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এরই মধ্যে ডিএমকে সরকারের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়, যা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক আলোচনা চলছে।
প্রতিবেদকের নাম 
























