রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার (৩ আগস্ট) উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই দেশে মোট ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ১৫
রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল ক্রাসনোদার, বেলগোরোদ এবং ক্রিমিয়া অঞ্চল।
ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।
একই দিনে ক্রিমিয়ায় পৃথক হামলায় চারজন নিহত ও দুজন আহত হন। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় আরও চারজনের মৃত্যু এবং ১৭ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইউক্রেনেও প্রাণহানি
অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে।
প্রদেশটির গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, বিস্ফোরণের পর পেট্রোল স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া সোমবার রাতে জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন।
বাড়ছে বেসামরিক প্রাণহানি
২০২২ সালে যুদ্ধ শুরুর দিকে বেসামরিক হতাহতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই দাবি করে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
নতুন এলাকা দখলের দাবি রাশিয়ার
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উস্পেনিভকা নামের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
যুদ্ধের পটভূমি
ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাত এখনো অব্যাহত রয়েছে, আর প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ।
সূত্র: আল জাজিরা
প্রতিবেদকের নাম 




















