
রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান। রোববার (১৬ আগস্ট) ভোরে ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর এয়ার-প্যাট্রোল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে।
এটি চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় ভূপাতিত হওয়া চতুর্থ ড্রোন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন ও মলদোভার সীমান্তসংলগ্ন এলাকায় সর্বশেষ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। ড্রোনটি মলদোভার দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।
ধ্বংস করা ড্রোনটির ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে। ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রভাব ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় ছড়িয়ে পড়ার ঝুঁকি নতুন করে সামনে এনেছে এই ঘটনা। ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে।
এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলেও একই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ন্যাটো। এর আগে জুন মাসেও লাটভিয়ায় অনুপ্রবেশকারী একটি ড্রোন ভূপাতিত করেছিল ন্যাটো বাহিনী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত অন্যতম। ২০২৩ সালে ইউক্রেনের বন্দরগুলো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার সময় ধ্বংস হওয়া বেশ কয়েকটি ড্রোনের ধ্বংসাবশেষ রোমানিয়ার ভূখণ্ডেও পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেনের ইজমাইল ও রেনি বন্দরে হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার বিভিন্ন এলাকায় এসব ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল।
প্রতিবেদকের নাম 




















