সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পরে দুই পক্ষ গণমাধ্যমের স্বাধীনতা, নীতিগত সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের ‘অফকম’ (Office of Communications)-এর অভিজ্ঞতা বাংলাদেশের গণমাধ্যম খাতের নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে।
হাইকমিশনার সারাহ কুক এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং অফকম-এর কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
একই দিনে পৃথকভাবে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।
সাক্ষাতে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ভুল তথ্য ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দিতে চায়। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও তৈরি করছে। তিনি এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 




















