সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে দেশটির দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের কৃষিজমি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, দারা প্রদেশের জামলাহ গ্রামের আশপাশের একটি ফসলি জমিতে ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলা আঘাত হানে। হামলার সময় ওই এলাকার আকাশে একটি ইসরায়েলি নজরদারি (রেকোনাইস্যান্স) ড্রোন উড়তে দেখা যায়।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত রোববারও দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের আবদিন গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। পরে গ্রামটির উপকণ্ঠে গোলাবর্ষণ করা হলে স্থানীয় বাসিন্দারা পাথর নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ইসরায়েলি সেনারা সেখান থেকে সরে যায়। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং সামরিক উপস্থিতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রতিবেদকের নাম 











