দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাগেরহাটের মোংলা নদীতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস। এর ফলে মোংলা ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো শ্রমিক-কর্মচারীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) সকালে মোংলা ফেরিঘাটে ফুলটাইম ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ইপিজেডের শ্রমিক ও কর্মজীবী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত নদীর উভয় তীর থেকে ফেরি চলাচল করবে। পাশাপাশি অফিস ছুটির সময়েও দুই প্রান্ত থেকেই নিয়মিত ফেরি সেবা চালু থাকবে।
তিনি আরও জানান, ফেরি চলাচল স্বাভাবিক ও টেকসই রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা শুধুমাত্র জোয়ারের সময় সীমিত ছিল। ভাটার সময় ফেরি চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে।
২৪ ঘণ্টার এই নতুন ফেরি সেবা চালুর ফলে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম, পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 




















