যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সরাসরি আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো হাওয়া এবং প্রায় ৩৫০ কিলোমিটার বেগের দমকা হাওয়ায় পুরো অঞ্চলজুড়ে চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ জুলাই) মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর (NWS) উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এএফপি ও এপি-এর তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, ঝড়ের প্রভাবে সমুদ্রে প্রায় ১১ মিটার (৩৫ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে।
স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইপান ও রোটা দ্বীপে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগের আগেই হাজার হাজার মানুষ জরুরি আশ্রয়কেন্দ্র ও স্কুলে আশ্রয় নিয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) ঝড়টিকে আনুষ্ঠানিকভাবে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরের আগে ঝড়ের তীব্রতা কমার সম্ভাবনা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং এল নিনো-র প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুনের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। গত এপ্রিলেও একই অঞ্চলে সুপার টাইফুন সিনলাকু আঘাত হেনেছিল। এবার তার রেশ কাটতে না কাটতেই নতুন করে বড় দুর্যোগের মুখে পড়েছে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ।
প্রতিবেদকের নাম 


























