দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪ কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদিত ক্রয়ের আওতায় রয়েছে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন এবং ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার পিইটি বোতলে) কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকাভিত্তিক শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি লিটার ১৮৩ টাকা ৯৫ পয়সা দরে এ তেল সংগ্রহ করা হবে।
অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ বাবদ ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। অস্ট্রেলিয়াভিত্তিক MCG International Pty Ltd থেকে প্রতি লিটার ১৬৪ টাকা ৭৭ পয়সা দরে এ তেল কেনা হবে।
দুই ধরনের ভোজ্যতেল ক্রয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।
এ ছাড়া একই বৈঠকে মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















