
ফিফা বিশ্বকাপ ঘিরে চলছে নিয়মিত ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ৪৮ দলের এই ফুটবল মহাযুদ্ধ। আসর শুরুর আর মাত্র ৪১ দিন বাকি।
ফিফা প্রতিদিনের মতোই পরিসংখ্যানভিত্তিক তথ্য তুলে ধরছে বিশ্বকাপ ইতিহাস থেকে। এবার আলোচনায় এসেছে চার নম্বর জার্সি—যে নম্বর সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডারদের গায়ে দেখা যায়, কিন্তু বিশ্বকাপে এই জার্সিধারীরা অনেক সময়ই গোল করে চমক দেখিয়েছেন।
বিশ্বকাপ ইতিহাসে চার নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ৪১ জন খেলোয়াড় গোল করার কীর্তি গড়েছেন। শুধু রক্ষণ নয়, আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।
এই জার্সিতে সর্বোচ্চ গোল করেছেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ—মোট ৬ গোল। তার পরেই আছেন জার্মানির কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং অস্ট্রেলিয়ার টিম কাহিল, দুজনেই করেছেন ৫টি করে গোল। আর্জেন্টিনার ড্যানিয়েল বার্তোনি, ইংল্যান্ডের স্টিভেন জেরার্ড এবং মেক্সিকোর রাফায়েল মার্কেজও এই তালিকায় উল্লেখযোগ্য নাম।
বিশ্বকাপে চার নম্বর জার্সি পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করা খেলোয়াড়ও আছেন। এখন পর্যন্ত পাঁচজন এই নম্বর পরে বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন—এর মধ্যে রয়েছেন সুইডেনের নিলস লিয়েডহোম (১৯৫৮), ব্রাজিলের জিতো (১৯৬২), কার্লোস আলবার্তো (১৯৭০), আর্জেন্টিনার বার্তোনি (১৯৭৮) এবং পেরিসিচ (২০১৮)।
এই জার্সি পরে আরও কিছু স্মরণীয় গোল এসেছে বিভিন্ন আসরে। যেমন ১৯৮২ সালে ইতালির আন্তোনিও কাবরিনি, ১৯৮৬ সালে ব্রাজিলের এদিনহো, ১৯৯৪ সালে বেলজিয়ামের ফিলিপ আলবার্ট, ২০০৬ সালে ইংল্যান্ডের জেরার্ড, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার কাহিল ও ব্রাজিলের দাভিদ লুইজ, এবং ২০১৮ সালে স্পেনের নাচো।
পরিসংখ্যান বলছে, চার নম্বর জার্সি শুধু রক্ষণের প্রতীক নয়—অনেক সময় বড় মঞ্চে গুরুত্বপূর্ণ গোল এনে আলোচনার কেন্দ্রে থেকেছে এই নম্বর।
প্রতিবেদকের নাম 


















