ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পুরস্কার বিতরণ শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।
এবারের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার, কমোডর এ কে এম আফজাল হোসেন রানার-আপ এবং হাইজং উম লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া গলফার, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিবেদকের নাম 

























