দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যানটেক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বিটিএল ইন্টারন্যাশনালের এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল লেকশোর হাইটসের বলরুমে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিলার ও পরিবেশকরা অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারণ, পণ্যের মান ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমীর হুসাইন। বক্তব্যে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায় নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠান, ডিলার ও পরিবেশকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। একই সঙ্গে গ্রাহকদের চাহিদা ও বাজারের পরিবর্তন বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার ও পরিবেশকরা নিজেদের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। এ সময় পণ্যের সরবরাহ, বাজার ব্যবস্থাপনা ও ডিলারদের সঙ্গে সমন্বয় আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এজি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। গ্রাহকদের আস্থা ধরে রাখতে পণ্যের মান বজায় রাখার পাশাপাশি ডিলার ও পরিবেশকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি আরও বলেন, বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ ও সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ডিলারদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।
সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার ও পরিবেশকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
প্রতিবেদকের নাম 


























