মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবরকে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি
বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের প্রশ্নও ওঠেনি।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে বক্তব্য
প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা বিবৃতিতে উল্লেখ করেন, নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে ইশরাক হোসেন আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগসংক্রান্ত খবর প্রচারকে বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।
বিভ্রান্তিকর খবর প্রত্যাহারের আহ্বান
বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যেসব গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 























