কৃষি কার্ড চালুর ফলে দেশের কৃষকদের একটি সমন্বিত ডেটাবেস তৈরি হবে এবং এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে যাবে বলে জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশীদ।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কোন এলাকায় কী পরিমাণ এবং কোন ধরনের ফসল উৎপাদিত হচ্ছে, তার সঠিক তথ্য পাওয়া যাবে। ফলে কৃষকদের আগাম চাহিদা সম্পর্কে জানানো সম্ভব হবে এবং তারা বাজারের প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে পারবেন।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের উদ্যোগ
মন্ত্রী বলেন, অনেক সময় কোনো মৌসুমে নির্দিষ্ট সবজির অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক ন্যায্যমূল্য পান না। এমনকি পরিবহন খরচও উঠে না বলে অনেক কৃষক ক্ষেত থেকেই টমেটোসহ বিভিন্ন ফসল সংগ্রহ করেন না। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

ইউনিয়নে হবে মিনি কোল্ডস্টোরেজ
তিনি জানান, কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার প্রতিটি ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা করছে। এসব কোল্ডস্টোরেজ সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত হবে, যাতে কৃষকরা প্রয়োজন অনুযায়ী পণ্য সংরক্ষণ করে পরে ভালো দামে বিক্রি করতে পারেন।

ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণ মওকুফ
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষকদের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার দরিদ্র ও কৃষিঋণে জর্জরিত কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং কৃষি খাত আরও শক্তিশালী হবে।
প্রতিবেদকের নাম 























