টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় মুরগিবাহী একটি পিকআপভ্যানের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাঁশবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার সাগর (২২) এবং ভোলার সুমন (২৬)।
দুর্ঘটনায় ট্রাকের এক শ্রমিক জহিরুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে নিহতদের মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিবেদকের নাম 


























