চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আর বাড়ি ফেরা হলো না দুই যুবকের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্পিডবোট উল্টে গিয়ে দয়াল (২৪) ও মো. সজীব (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দয়াল নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে। আর সজীব পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে।
চিকিৎসা শেষে ফেরার পথে দুর্ঘটনা
পুলিশ জানায়, সোমবার বিকেলের দিকে চাতলপাড় গ্রাম থেকে তিনজন একটি স্পিডবোটে করে এক রোগীকে নিয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে রোগীর চিকিৎসা শেষে রাতে তারা স্পিডবোটে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
ফেরার পথে খাগালিয়া নদীতে পৌঁছালে হঠাৎ স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা যাত্রীরা দুর্ঘটনার শিকার হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজীবকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হেফাজতে মরদেহ
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণলাল ঘোষ জানান, নিহত দুই যুবকের মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 


























